তিমিরযাত্রা
কালি ও কলম সাহিত্য পুরস্কারে ভূষিত হয় উপন্যাসটি। প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন।
কালি ও কলম পুরস্কার কমিটি
”উনিশশো একাত্তরের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ-উত্তর বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক অস্থিরতা, মানবিক সম্পর্কের অবক্ষয় ও ব্যক্তিক হতাশা-বিচ্ছিন্নতার চালচিত্র নিয়ে নির্মিত হয়েছে মোজাফ্ফরের তিমিরযাত্রা। সমাজ ও পরিবারে আবদ্ধ থেকেও নানামাত্রিক বাস্তবতা ও ব্যক্তিক মানসতার কারণে মানুষ এখন পরস্পরবিচ্ছিন্ন - নৈঃসঙ্গ্যের অতলে মানুষের মনোলোক এখন গভীরভাবে আচ্ছন্ন। তিমিরযাত্রা উপন্যাসের নায়ক এবং অন্য লোকসকল এই গহন-গভীর নৈঃসঙ্গ্যের সংক্রামে আক্রান্ত। মোজাফ্ফর হোসেন জটিল তাত্ত্বিক কাঠামোর আধারে রচনা করেছেন বক্ষ্যমাণ উপন্যাস। তিমিরযাত্রা কেবল কাহিনিবর্ণন নয় - এ-উপন্যাস পাঠককে চিন্তামগ্ন করে, এর পাঠ বুঝে উঠতে দাবি করে পাঠকের মনন ও প্রজ্ঞা। মোজাফ্ফর হোসেনের নির্মেদ গদ্য, সাবলীল ভাষা, আখ্যানে জাদুবাস্তবতা আর পরাবাস্তবতার ছোঁয়া, নিরীক্ষাধর্মী নির্মাণকলা - সব মিলিয়ে কৌতূহলী পাঠককে এ-উপন্যাস নিয়ে যাবে নতুন এক অভিজ্ঞতার আঙিনায়।”
-- কালি ও কলম
Riton Khan
...তিমিরযাত্রা পড়তে পড়তে রাগে গলা শুকিয়ে আসছিল, মুখের মধ্যে একধরনের তেঁতোভাব। একশ ১৪৫ পাতার উপন্যাসটি পড়তে পড়তে কয়েকবার নামিয়ে রাখতে হয়ছে। উপন্যাসটির লেখক মোজাফ্ফর হোসেন মনে হলো আমাদের সাহিত্যজগতে একটা গ্রেনেড ছুঁড়ে মারলেন।
Adnan Syed
এ কথা মানতে হবে কিছু কিছু গ্রন্থ সময়ের থেকে এগিয়ে থাকে। এই এগিয়ে থাকার কারণে অনেক সময় পাঠক এবং সমকালীন সমাজকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়, আবার কখনো কখনো হোঁচটও খেতে হয়। আগেই বলেছি, আমরা ইতিহাস ভুলে যাওয়া জাতি। ...নৈতিকতা, আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এসব নিয়ে ভাবার আমাদের সময় কই? দেখতে পাই ফ্রয়েডের স্যাডিজম এবং ম্যাসোসিজম-এর ব্যবহারও উপন্যাসটিতে উঠে এসেছে। কথা হল বর্তমান সময়ের পাঠক উপন্যাসটির এই ফ্রয়ডীয় তত্ত্বগুলোকে কতটুকু হজম করতে পারবেন, সেটিও এই উপন্যাসের বড় চ্যালেঞ্জ।
Shumi Sikander
মোজাফফর ঘটনাকে এমনভাবে বাঁকবদল করেন যে মানসিকভাবে আদৌ প্রস্তুতি থাকে না পাঠকের। মন্ত্রমুগ্ধের মতো কেবল ঘটনার সাথে নিজেকে টেনে নিয়ে যায়। বাবার কথা না বলার কারণকে জানতে গিয়ে সুরুজ বাবাকে নিয়ে চলে আসলো গ্রামে। মায়ের কিছুটা অমতেই। মায়ের কেন অমত ছিলো এটাই হয়তো পুরো উপন্যাসের সোনার কাঠি রুপোর কাঠি।
Shuhan Rizwan
তিমিরযাত্রা পড়তে গিয়ে প্রথমেই যা অনুভব করা যায়, তা হলো লেখকের সতর্কতা। স্বতঃস্ফূর্ত ভাবটাকে লাগামে এনে তিনি আশ্রয় করেছেন বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা। পাঠক হিসেবে ব্যাপারটা বেশ লাগে। উত্তরাধুনিকতা কিংবা মেটা-ফিকশনের কারিকুরির সাথে যে মোজাফ্ফর ভালোই পরিচিত, সেটাও সমসাময়িক অন্য লেখকের লেখার চাইতে তাকে আলাদা করে।
Habibullah Rasel
উপন্যাসের কথক সুরুজ, তার বীরাঙ্গনা মা ও জন্মদাতা নয় এমন পিতাকে কেন্দ্র করে যে আখ্যান রচিত হয়েছে, তার মধ্য দিয়ে লেখক যেমন তুলে ধরেছেন যুদ্ধের ভয়াবহতা, কতো কতো সংগ্রাম-ত্যাগ-রক্ত-সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা; তেমনি তুলে ধরেছেন যুদ্ধের পরেও যে যুদ্ধ থাকে তার ব্যর্থতা।
Ahsan Habib
বাংলাদেশের মানুষ যখন ইতিহাস বিকৃতির এক মহা ষড়যন্ত্রের মধ্য হাবডুবু খাচ্ছে, রাজনীতি তার দিশা হারিয়েছে, তখন মোজাফফরের এই উপন্যাস নতুন আলো এবং পথ দেখাবে। আমার কাছে তাই এই উপন্যাসের নামকরণ 'তিমিরযাত্রা'র সহযাত্রী না হয়ে পাঠক বরং 'আলোক যাত্রী' হয়ে উঠবে যেমন আমি হয়ে উঠেছি।
Zulfiqar Parvez
"তিমিরযাত্রা" পাঠ শেষ করলাম। অনেকদিন পর একটি ভালো উপন্যাস পড়লাম যা মাত্র ১৪২পৃষ্ঠার মাঝে বেশ কিছু মৌলিক বক্তব্য রেখেছে ও পাঠককে গভীরভাবে ভাবতে বাধ্য করেছে জীবনের সাথে জড়িত অনেক বিষয় নিয়ে। আমার কখনো মনে হয়েছে আমি দর্শন পড়ছি। অস্তিত্ববাদের ধারণার অস্তিত্ব পুরো উপন্যাস জুড়ে বিদ্যমান। সত্য সবসময় স্বস্তি দেয় না।
Saleha Chowdhury
Read it (তিমিরযাত্রা). A dystopian novel—A mother in her tortured sadistic life would never want to die again because she died a long time ago; and the father does not know his true existence and prefer darkness. Poor son Surj, how old he is? A mixture of realism, existentialism, surrealism, supernaturalism, and magic realism.
Md Sazzad Hossain
আজকে পড়লাম তিমির যাত্রা উপন্যাসটি। কোন রকম বিরতি ছাড়া ৪.৩০ঘন্টায় বইটি পড়ে শেষ করলাম। আমি বিরতি নিতে চাইলেও লেখক ও কাহিনি আমাকে আটকিয়ে রাখছে শেষ পর্যন্ত। আমাকে আলিমেয়েলির মতো থার্ড জেন্ডার চরিত্র টি মুগ্ধ করেছে। বিরতি বলতে মাঝে মাঝে বইটিকে আমার বুকের সাথে চেপে ধরেছি আর ভেবেছি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাস টা কেমন ছিল।
এমরান কবির
‘তিমিরযাত্রা’ উপন্যাসটি এইমাত্র শেষ করলাম। বিস্ময় কাটছে না, ঘোর কাটছে না, স্তব্ধতা কাটছে না। এরকম পরিস্থিতিতে কিছু লেখা যায় না। কিছু অনুভূতির বিশ্লেষণ হয় না। এই উপন্যাস সেরকমই। মুক্তিযুদ্ধের বহুমাত্রিক অভিঘাত এই উপন্যাসের প্রধান উপজীব্য।
Akther Mahamud
সুরুজের এই উপলব্ধির ভাঙচুরটাই মূলত উপন্যাসের অন্যতম আকর্ষণীয় বিষয়। সুরুজের আবিষ্কারগুলো পাঠককে নিঃসন্দেহে ভাবায়। একবার আবিষ্কার করছে সে মুক্তিযোদ্ধা পিতার সন্তান। আরেকবার সে আবিষ্কার করছে সে একজন বীরাঙ্গনার সন্তান এবং সাথে সাথে এটাও স্পষ্ট হয়ে যায় যে, বীর মুক্তিযোদ্ধা পিতা তার জৈবিক পিতা নন। অন্যদিকে একটা সম্ভাবনাও উঁকি দেয় যে, সে রাজাকারের সন্তান!
মুকুল প্রদীপ
উত্তরাধুনিক প্যাটার্নে ‘তিমিরযাত্রা’ আখ্যানের শুরুতেই লেখক পাঠকদের সাথে কিছু বিষয়ে খোলাখুলি আলোচনা করাটাকে যুতসই মনে করেছেন। যেমন আখ্যানের ন্যারেটর বাংলাদেশি কানাডা-প্রবাসী একজন ডায়াসপোরা লেখক। তার কোনও অতীত নেই, বাবা আছেন তিনি একটি অন্ধকার ঘরে একা বসে থাকেন, কারো সঙ্গে কথা বলেন না। আর আছেন মা, শৈশবে যার বিকৃত যৌন-আচরণ দেখে কথকের মনে নারীশরীরের প্রতি জন্ম দিয়েছে এক ধরনের মনস্তাত্ত্বিক ঘৃণা।
আরিয়াণ অপূর্ব দাস
উপন্যাসটা সুরুজের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের এক চমৎকার বয়ান। লেখার চরিত্রের জন্য তথ্য খুঁজতে গিয়ে নিজেই দাঁড়িয়ে যায় এক অনাকাঙ্ক্ষিত অতীতের মুখোমুখি! যে গল্পের আসলে কোনো ব্যাখ্যা নেই, যে ব্যথার কোনো উপশম নেই, কেবল সয়ে যেতে হয়। এই উপন্যাসে অতীত সেই নগ্নশরীর, যা দেখার পর প্রিয় নারীকেও আর ভালোবাসা যায় না!
সিদ্ধার্থ অভিজিৎ
ভিন্ন বয়ানে মুক্তিযুদ্ধ ও তৎপরবর্তী সমাজের রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক অবক্ষয় ও যাপিত বাস্তব জীবনকে নির্মেদ গদ্য, জাদুবাস্তবতা, পরাবাস্তবতা ও নির্মাণ-শৈলির অনন্যতায় কথাশিল্পী মোজাফ্ফর হোসেন ধরতে চেষ্টা করেছেন তাঁর প্রথম উপন্যাস 'তিমিরযাত্রা'য়।
Aziz Liton
অনেক পাঠকই এটি পড়েছেন। আমি পড়লাম একবছর পর। এককথায় বললে আমি মুগ্ধতায় ভাসছি। প্রেক্ষাপট নির্বাচন ও গঠনকৌশল চমৎকার। আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং তৎপরবর্তী স্বপ্নবাজ মানুষের স্বপ্নাহত হবার যন্ত্রণা। অবক্ষয়িত জনপদের যেন সম্মিলিত তিমিরগমন।
